[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ বেলেঘাটার নবনির্বাচিত বিধায়ক কুণাল ঘোষ বৃহস্পতিবার বিধানসভায় শপথ গ্রহণ করেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিলেন। প্রোটেম স্পিকার তথা বিজেপি বিধায়ক তাপস রায়ের হাতে শপথবাক্য পাঠ করেন তৃণমূলের এই লড়াকু সৈনিক। শপথ গ্রহণ পর্ব মিটতেই সমাজমাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট করেন কুণাল, যেখানে দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। তাপস রায়ের কাছে শপথ নেওয়াকে ‘ভাগ্যচক্র’ বলে বর্ণনা করে কুণাল লেখেন, একসময় তাপসদাকে তৃণমূলে ধরে রাখার চেষ্টা করে তাঁকে দলের রোষানলে পড়তে হয়েছিল। আজ সেই তাপস রায়ের হাতেই বিধায়ক হিসেবে শপথ নিলেন তিনি। এটি নিছকই এক ‘ভাগ্যচক্র’। তবে কুণালের পোস্টের মূল নিশানায় ছিল দলের ‘হোয়াটসঅ্যাপ কাঁদুনি পলিটিক্স’ এবং স্বজনপোষণ।

তিনি সরাসরি অভিযোগ করেন, “যার বা যাদের জন্যে তাপসদা, সজলরা, আরও অনেকে দল ছেড়েছে, দলের ক্ষতি হয়েছে, তারপরেও একইরকম হোয়াটসঅ্যাপ কাঁদুনি পলিটিক্স করে স্বজনপোষণ চলছে, সেটা খুবই আপত্তির এবং উদ্বেগের।” তাঁর মতে, এই ধরনের রাজনীতির কারণে দলের কর্মীরা ধৈর্য হারাচ্ছেন এবং তৃণমূলকে চাঙ্গা করতে হলে ‘আত্মবিশ্লেষণ’ জরুরি। পোস্টের শেষে কুণালের সংযোজন ছিল আরও শ্লেষাত্মক: “পুনশ্চ: কেস দেবেন না প্লিজ।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে দলের বিরুদ্ধে কথা বলায় তাঁকে আইনি বা দলীয় কোপে পড়তে হয়েছিল, তারই এক প্রকার ইঙ্গিত এটি। কুণাল স্পষ্ট করে দিয়েছেন, তিনি দলনেত্রীর অনুগত সৈনিক হলেও, দলের ক্ষতি যারা করছে, তাদের বিরুদ্ধে তাঁর সুর নরম হবে না। এই মন্তব্যের জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর