ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ ২৬-এর বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর অ্যাকশন মোডে নেমেছে বিজেপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই আবহে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ পঞ্চায়েতে কর্মী নিয়োগ প্রসঙ্গে এক বড় ঘোষণা করেছেন।
জানা গিয়েছে, রাজ্যের পঞ্চায়েতগুলিতে দ্রুত সাড়ে ৬ হাজার কর্মী নিয়োগ করা হবে। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ রাজ্যের কর্মী সঙ্কটের বিষয়টি তুলে ধরেন। তাঁর দাবি, পর্যাপ্ত কর্মীর অভাবে জনহিতকর কাজগুলি থমকে রয়েছে, যার ফলে প্রান্তিক স্তরে পরিষেবা পৌঁছাতে দেরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ করছে।
দিলীপ ঘোষ ঘোষণা করেন, “পঞ্চায়েতে দ্রুত সাড়ে ৬ হাজার নিয়োগ হবে। আগের জমানায় প্যানেল ছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। আপাতত সেই প্রক্রিয়াগুলি দ্রুত সম্পন্ন করা হবে।” তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীকে ক্যাবিনেটে বিষয়টি জানানো হয়েছে এবং কেন্দ্র থেকে প্রাপ্ত অর্থ সঠিকভাবে কাজে লাগানো হবে। মন্ত্রী আরও আশ্বস্ত করেন যে, নতুন নিয়োগের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের চাকরিও বহাল থাকবে। সামগ্রিক প্রক্রিয়াটি সুশৃঙ্খল ও সংবেদনশীলতার সঙ্গে সম্পন্ন হবে। তাঁর এই ঘোষণা রাজ্যের পঞ্চায়েত স্তরে পরিষেবা উন্নত করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় বহু বঞ্চিত কর্মীর স্বপ্ন পূরণ হবে বলেও আশা করা হচ্ছে।










