ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন মায়াপুরগামী যাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নবনির্মিত কৃষ্ণনগর ও আমঘাটা সিঙ্গেল লাইনে ট্রেন পরিষেবার সংখ্যা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ মে থেকে এই রুটে অতিরিক্ত দুজোড়া ট্রেন চালু করা হয়েছে, যার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধাজনক হবে এবং সময় বাঁচবে।
জানা গিয়েছে, এই নতুন পরিষেবা চালুর ফলে কৃষ্ণনগর-আমঘাটা শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন চলাচল করবে। কয়েক মাস আগে এই রেলপথটি এই অঞ্চলের মানুষের সুবিধার্থে চালু করা হয়েছিল এবং তখন থেকে তিন জোড়া ট্রেন চলাচল করত। যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা এবং বিশেষ করে মায়াপুরমুখী তীর্থযাত্রী ও পর্যটকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে শিয়ালদা ডিভিশন এই অতিরিক্ত ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে।
নতুন ট্রেনগুলির সময়সূচি হল – ট্রেন নং ৩১৮৮৭ কৃষ্ণনগর থেকে ভোর ০৫:২০ মিনিটে ছাড়বে এবং ফিরতি পথে ট্রেন নং ৩১৮৮৮ আমঘাটা থেকে ভোর ০৫:৪৩ মিনিটে ছাড়বে। এছাড়াও, ট্রেন নং ৩১৮৮৯ কৃষ্ণনগর থেকে রাত ১০:১৫ মিনিটে ছাড়বে এবং ফিরতি পথে ট্রেন নং ৩১৮৯০ আমঘাটা থেকে রাত ১০:৪০ মিনিটে ছাড়বে। এই নতুন ট্রেনগুলি দৈনিক যাত্রীদের পাশাপাশি মায়াপুরগামী ভক্তদের জন্য বিশেষ সহায়ক হবে। রেল কর্তৃপক্ষের আশা, এই অতিরিক্ত ট্রেন পরিষেবা মায়াপুরের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পকে আরও উন্নত করতে সাহায্য করবে। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে মনে করা হচ্ছে।










