ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ কলকাতা পুলিশ হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার ও মঙ্গলবার মিলিয়ে মোট ২,৬৬১টি মামলা দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ জোর দিয়েছেন। তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী, বেআইনি কোনও কাজ বরদাস্ত করা হবে না, তা তিনি একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন। হেলমেট পরা বাধ্যতামূলক করতে ট্র্যাফিক বিভাগ ও থানাগুলিকে যৌথভাবে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এডিজি ট্র্যাফিককে নিয়মিত রিপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে, যাতে এই অভিযানের কার্যকারিতা সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায়।
দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে, শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাতে হেলমেটবিহীন বাইক চালকদের দাপট দেখা যায়। দ্রুত গতিতে বাইক চালিয়ে আইন ভাঙার প্রবণতাও ছিল চোখে পড়ার মতো। তবে মুখ্যমন্ত্রী আগেই বার্তা দিয়েছেন যে, সেই ‘সুখের দিন’ এখন শেষ। নতুন সরকার ক্ষমতায় আসার পরই ট্রাফিক আইন কঠোরভাবে বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, হেলমেট ছাড়া কেউ যাতে বাইক না চালান, তা নিশ্চিত করতে হবে। এই নির্দেশিকার পরই কলকাতা পুলিশের তরফে জোরদার অভিযান শুরু হয়। এই অভিযানের ফলে বাইক চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং দুর্ঘটনার সংখ্যা কমবে বলে আশা করা হচ্ছে।
নতুন সরকারের সোজা কথা, আইন মানো, সুখে থাকো। এই পদক্ষেপ শহরের ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে।










