ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ চিরঘুমে টুটু বসু (স্বপন সাধন বসু)। ভারতীয় ফুটবলের এক কিংবদন্তী প্রশাসক, মোহনবাগানের বটবৃক্ষকে হারিয়ে আজ শোকস্তব্ধ গোটা ময়দান। মোহনবাগান ক্লাব তাদের অভিভাবককে হারানোর বেদনায় মুহ্যমান হলেও, এই শোকের ছায়া পড়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবেও। লাল-হলুদ শিবির আবেগঘন পোস্টে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে প্রয়াত টুটু বসুকে।
ইস্টবেঙ্গল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছে, “প্রতিদ্বন্দ্বিতা আমাদের পরিচয়। কিন্তু আমাদের সম্পর্ক সেই প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে। বছরের পর বছর ধরে পারস্পরিক শ্রদ্ধা, মুগ্ধতা এবং ময়দানের সেই সরস খুনসুটিই আমাদের একসূত্রে গেঁথেছিল। শান্তিতে বিশ্রাম নিন টু্টু দা। আপনি ছাড়া কলকাতার ময়দান কখনই আগের মতো থাকবে না।”
শতবর্ষ প্রাচীন ইস্ট-মোহনের প্রতিদ্বন্দ্বিতা মাঠের ৯০ মিনিটেই সীমাবদ্ধ থাকে, মাঠের বাইরে তাদের সুসম্পর্ক ও সৌজন্যবোধ সর্বজনবিদিত। গঙ্গাপারের ক্লাব যখন তাদের মহীরূহকে হারাল, তখন ইস্টবেঙ্গলও কাঁধ না বাড়িয়ে থাকতে পারল না। টুটু বসুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত, থেকে শুরু করে প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, শিলটন পাল, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ ক্রীড়া জগতের বহু বিশিষ্টজন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। তাঁর নেতৃত্ব, দূরদৃষ্টি এবং খেলাধুলার প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে। ময়দান হারাল এক অভিভাবককে, যাঁর শূন্যস্থান পূরণ হওয়া কঠিন।










